August 9, 2026, 8:43 am

কক্সবাজারের সত্যপ্রিয় মহাথেরো আর নেই

কক্সবাজারের সত্যপ্রিয় মহাথেরো আর নেই

এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ
কক্সবাজারের রামুর ঐতিহ্যবাহী সীমা বিহারের অধ্যক্ষ ও একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মগুরু সত্যপ্রিয় মহাথেরো (৯০) আর নেই। বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দেশের বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় ধর্মগুরু সত্যপ্রিয় মহাথেরোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শুক্রবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি তাঁর বিদেহী আত্মার মুক্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরো। স্থানীয়ভাবে চিকিৎসার পর তাঁকে বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি করা হয়েছিল।

দেশের অন্যতম প্রবীণ বৌদ্ধ ধর্মীয় নেতার মহাপ্রয়াণে বৌদ্ধ সম্প্রদায় ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। সত্যপ্রিয় মহাথেরোর প্রয়াণে কক্সবাজারের জাতি-ধর্ম-নির্বিশেষে সবাই শোকে মুহ্যমান। সাত বছর আগে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামু কাণ্ডের ঘটনা-পরবর্তী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশে-বিদেশে ব্যাপকভাবে আলোচনায় আসেন প্রয়াত এই বৌদ্ধ ভিক্ষু।

গতকাল শুক্রবার বিকেলে প্রয়াত ধর্মীয় গুরুর মরদেহ ঢাকা থেকে রামু সীমা বিহারে এসে পৌঁছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

এরপর থেকে প্রয়াত বৌদ্ধ ধর্মীয় নেতাকে এক নজর দেখতে এবং শ্রদ্ধা জানাতে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের ঢল নামে। আগামী ৯ অক্টোবর প্রয়াত ধর্মীয় নেতার পেটিকাবদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া কখন সম্পন্ন হবে, তা এখনো পর্যন্ত জানা যায়নি।

অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো সংঘরাজ ভিক্ষু মহাসভার সহসভাপতি ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শীর্ষ ধর্মীয় গুরু ছিলেন। তিনি ২০১৫ সালে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার একুশে পদক পান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com