August 9, 2026, 11:00 am

ভিসি নাসিরউদ্দিনের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ভিসি নাসিরউদ্দিনের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ডিএন২৪ ডেস্কঃ পদত্যাগপত্র দাখিল করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিন।

ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগপত্রের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় আইনগত প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবে।

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা তার (ভিসি নাসিরউদ্দিন) পদত্যাগপত্র পেয়েছি। এখন আইনগত প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আইন অনুযায়ী সেটি যেভাবে প্রক্রিয়া করা দরকার আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি।

ভিসি নাসির উদ্দিনের বিরুদ্ধে গঠিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি রোববার (২৯ সেপ্টেম্বর) তাকে প্রত্যাহারের সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর পরদিনই তিনি পদত্যাগের আবেদন করেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে ওই পদত্যাগপত্র শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

ভিসি নাসিরউদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইউজিসির প্রতিবেদনটি আজকে আমরা হাতে পেয়েছি। আমরা সেটিও দেখবো। এরইমধ্যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পুরো প্রক্রিয়াটি আইনগতভাবে যা করণীয় সেভাবে করব।

সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে বৈঠক করেন।

তার আগে গোপালগঞ্জের ভিসির পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এসময় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বলেন, তিনি (ভিসি নাসিরউদ্দিন) আর থাকতে চাইছেন না। আমরা তার পদত্যাগের বিষয়টি পর্যালোচনা করে দেখছি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com