August 9, 2026, 6:43 am

অন্যায় করলে জনপ্রতিনিধিদেরও ছাড় নয়—আসাদুজ্জামান খাঁন কামাল

অন্যায় করলে জনপ্রতিনিধিদেরও ছাড় নয়—আসাদুজ্জামান খাঁন কামাল

অন্যায় করলে জনপ্রতিনিধিদেরও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন,“আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেশকে যে অবস্থানে নিয়ে গেছেন, তা ধরে রাখতে আমাদের অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সেজন্যই যেই অন্যায় করুক জনপ্রতিনিধি বা কর্মচারী হোক তাকেই আইনের মুখোমুখি হতে হবে।”

রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে ৩৫ ও ৩৬ তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়, যারা দেশের আইন অমান্য করে আইনের বিরুদ্ধে কাজ করে তাদের সকলের বিরুদ্ধে এই অভিযান। যারা অনৈতিক ব্যবসা করে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে মন্ত্রী আনসার বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন এবং প্রশিক্ষনার্থীদের অভিবাদন গ্রহণ করেন। পরে মন্ত্রী তিনজন কৃতি প্রশিক্ষণার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করেন। এতে রবিউল ইসলাম শ্রেষ্ঠ ড্রিল, কাওসার জাহান শ্রেষ্ঠ ফায়ারার এবং আমিনুল ইসলাম চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে পুরষ্কার অর্জন করেন।এতে ১৫ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস কোর্সে ৩২ জন বিসিএস আনসার কর্মকর্তা অংশ নেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল ও উপ-মহাপরিচালক নিমাই কুমার দাস প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com