August 9, 2026, 10:53 am
ডিএন২৪ ডেস্কঃ একইদিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন মার্কিন ও চীনের প্রতিনিধি দল। আজ সকালে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন মার্কিন প্রতিনিধি দল। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর হয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। তারা সেখানে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখবেন এবং রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলবেন।
একইদিন সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসে চীনের প্রতিনিধি দল।
উখিয়া থানার ওসি মো. আবুল মন্ছুর জানান, ‘রবিবার বেলা ১১টার দিকে মার্কিন প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। সেখান থেকে ১৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে। প্রতিনিধি দলটির সঙ্গে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।
অন্যদিকে, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং’র নেতৃত্বে চীনের একটি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান তারা।
উখিয়া থানার ওসি আবুল মন্ছুর জানান, চীনের প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে উখিয়া ও পরে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু কোনারপাড়া সীমান্তে জিরো লাইনের রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। লি জিমিং ছাড়াও প্রতিনিধি দলে রয়েছে আরও আট সদস্য। পরিদর্শন শেষে বিকেলে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত জুলাই ও আগস্টেও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে প্রতিনিধি দল পাঠায় চীন। কিন্তু এখন পর্যন্ত রোহিঙ্গা সমস্যার কোন কার্যকর সমাধান পাওয়া যায়নি।