August 9, 2026, 8:38 am

যশোর সদরের বানিয়াবুহ গ্রামে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

যশোর সদরের বানিয়াবুহ গ্রামে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক॥ যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের বানিয়াবুহ গ্রামে আশংকাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

শনিবার ‘ডেঙ্গু কবলিত’ গ্রাম পরিদর্শন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। এ সময় এলাকাবাসী ৩ জনের মৃত্যুসহ ডেঙ্গু আক্রান্ত বানিয়াবুহ ও এড়েন্দা গ্রামের ১৩৯ জনের তালিকা জেলা প্রশাসক বরাবর দাখিল করেন। সকাল সাড়ে নয়টার দিকে এই গ্রামের ডেঙ্গু পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।

এ সময় তার সাথে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নূর-ই-আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইব্রাহীম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হাসান। এ সময় জেলা প্রশাসক গ্রামবাসীর সার্বিক খোঁজ খবর নেন।

গ্রামবাসীর পক্ষে স্থানীয় ইউপি সদস্য মঞ্জুরে মাহবুব অভিযোগ করেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে গেলে ঠিক মতো রক্ত পরীক্ষা করাতে পারছেন না। তাদেরকে হয়রানি করে ক্লিনিকে পাঠাতে প্রকারান্তে বাধ্য করা হচ্ছে। দুপুর বারোটার পর কোন রোগী গেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত পরীক্ষা করা হচ্ছে না।

লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার পর সময় উত্তীর্ণের কারণে অনেককে ফিরে আসতে হচ্ছে। এছাড়া সরকারি এ হাসপাতালে রক্ত পরীক্ষা করলে ফলাফল দুই তিনদিন বা তার অধিকতর দিন পরে দেয়া হচ্ছে যেখানে প্রাইভেট ক্লিনিকে দেয়া হচ্ছে দু’ঘণ্টায়। যে কারণে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার বিড়ম্বনায় রোগীর চিকিৎসা গ্রহণে বিলম্ব হচ্ছে। এর সাথে তিনি সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষায় অতিরিক্তি অর্থ আদায়ের অভিযোগ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ তৎক্ষণাৎ সিভিল সার্জন ডাক্তার দিলীপ কুমার রায়কে মুঠোফোনে বিষয়টি খতিয়ে দেখে সমস্যার আশু সমাধানের উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রদান করেন। এরপর গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে ‘আকিক’ নামক মশা নিধক ওষুধ প্রয়োজনীয় মাত্রায় প্রদান ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তায় বিষয়টি বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।

এ সময় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এডিস মশার লার্ভা নিধনসহ আক্রান্তদের মশারী ব্যবহারের পরামর্শ প্রদান করেন। এরপর জেলা প্রশাসক গ্রামবাসীদের অংশগ্রহণে পতিত জলাবদ্ধ স্থানে স্বেচ্ছাসেবায় কীটনাশক ছিটানো কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস। এরপর বেলা সাড়ে দশটায় চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট ক্যাম্পেইন করেন যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হাসান।

এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস, ইউপি সদস্য মঞ্জুরে মাহবুব, কুতুব উদ্দিন বিশ্বাস, ইউপি সচিব জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বানিয়াবহু গ্রামের ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহীম গ্রামটি পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে উঠান বৈঠক করে এডিস মশা ও লার্ভা নিধনে কমিটি গঠন করে কর্মসূচি শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com