August 9, 2026, 9:38 am
ডিএন২৪ ডেস্ক: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকা ও রংপুরে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জিসান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গাজীপুরের জয়দেবপুর উপজেলার বিল্লাল হোসেনের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গত সোমবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জিসান ঢামেকে ভর্তি হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।
এদিকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মাহতাব উদ্দিনের (২৪) বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।
হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইদুজ্জামান জানান, গত ১৮ আগস্ট ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহতাব। কয়েকদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
শারীরিক অবস্থার উন্নতি হলে সম্প্রতি তাকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছিল জানিয়ে ওই চিকিৎসক বলেন, কিন্তু সোমবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে বলেও জানান ডা. সাইদুজ্জামান।