August 9, 2026, 8:45 am

ফরিদপুরে সেতু থেকে বাস পড়ে নিহত ৮

ফরিদপুরে সেতু থেকে বাস পড়ে নিহত ৮

ডিস্ট্রিক্টনিউজ২৪ ডেস্ক: ফরিদপুর সদরে সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস নিচে পড়ে আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ যাত্রী।

কোতোয়ালি থানার ওসি এফএম নাছিম জানান, শনিবার বেলা আড়াইটার দিকে ধুলদি এলাকায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের দুইজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন হাবিবুর রহমান ও ফারুক হোসেন। তাদের বাড়ি গোপালগঞ্জ।

নিহত অন্য ছয়জনের মধ্যে তিনজন পুরুষ আর তিনজন নারী।

ফরিদপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে গোপালগঞ্জের পাটকাটিগামী কমফোর্ড পরিবহনের যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে সেতুতে উঠার পর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে বাসটি কুমার নদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় যাত্রী মারা যান।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক শওকত আলী জোদ্দার জানান,আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

তিনি বলেন, দুর্ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুঘটনার খরব পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, হাইওয়ে পুলিশ ও কোতোয়ালি থানার পুলিশসহ এলাকাবাসী গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com