August 9, 2026, 8:43 am
এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ
যখন রাজধানী ঢাকায় ডেঙ্গু মহামারির ভয়ঙ্কর রূপ নিয়েছে, তখন ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে শুরু করেছে পুরো দেশের মানুষ। পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও উপজেলায় কাজ শুরু করেছে প্রশাসনের কর্মকর্তারা। ডেঙ্গু থেকে মানুষকে বাঁচাতে সরকারি-বেসরকারি প্রতিটি সংগঠন মাঠে নামতে বাধ্য হয়েছে।
ডেঙ্গু যখন দেশের প্রায় জেলায় মহামারি আকারে ছড়িয়ে পড়ছে তখন চকরিয়া উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁদের সার্বিক সচেতনতায় ডেঙ্গু নামক ভয়ঙ্কর মহামারি আশার আগেই পুরো চকরিয়া উপজেলার বাসিন্দাদের সচেতন করে ডেঙ্গু মশার উপদ্রব ধ্বংস করতে প্রায়ই সক্ষম হয়েছে। যার কারণে ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য উপজেলা থেকে চকরিয়াতে অনেক কম বলা চলে। এই কৃতিত্বের দাবীদার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মো. শিবলী নোনাম ও চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী।
দেখা গেছে, যথা সময়ে প্রতিটি ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধের যন্ত্রপাতি পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন। যার কারণে ঠিক সময়ে ডেঙ্গু প্রতিরোধে সফল হতে পেরেছেন চকরিয়ার জনপ্রতিনিধারা। পাশাপাশি শুরু থেকে বর্তমান পর্যন্ত পৌর এলাকায় ডেঙ্গুর সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী। ডেঙ্গুর উপদ্রব ধ্বংস করতে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন চকরিয়া পৌর প্রশাসন।
এদিকে প্রতিনিয়ত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য পুরো উপজেলায় ঘুরে বেড়াচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মো. শিবলী নোমানসহ প্রশাসনের কর্মকর্তারা। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সংস্থা-সংগঠনের সাথে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে পরামর্শ দিয়ে যাচ্ছেন তাঁরা।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- ডেঙ্গু প্রতিরোধের যাবতীয় যন্ত্রপাতি যথাসময়ে প্রতিটি ইউনিয়নে প্রেরণ করা হয়েছে। ডেঙ্গুর মহামারি আসার পূর্বেই প্রতিটি স্থানে মশা ধ্বংসকারী স্প্রে ছিটানো হয়েছে এবং হচ্ছে। তিনি বলেন- প্রয়োজনে ডেঙ্গুর উপদ্রব ধ্বংস না হওয়া পর্যন্ত ডেঙ্গু- মশা নিধনের স্প্রে ব্যবহার চলমান থাকবে।
পৌর মেয়র আলমগীর চৌধুরী বলেন- ডেঙ্গু প্রতিরোধের জন্য যথাসময়ে কাজ শুরু করায় এবং মহান আল্লাহর রহমতে চকরিয়া পৌরবাসী ডেঙ্গুর মহামারি থেকে অনেকটা রক্ষা পেয়েছেন। এছাড়াও পৌরবাসীর সচেতনতা ও আন্তরিকতায় ডেঙ্গুর আক্রমণ থেকে তারা রক্ষা পেয়েছে এবং পাচ্ছে। তিনি আরো বলেন- ডেঙ্গু প্রতিরোধে পৌর প্রশাসন সার্বক্ষণিক মাঠে থাকবে এবং কাজ চালিয়ে যাবে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি বাড়ির আশে পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র আলমগীর চৌধুরী।