August 9, 2026, 7:46 am
নিজস্ব প্রতিবেদক ॥ যশোরে সাহিদা বেগম নামে চিহ্নিত এক নারী মাদক কারবারীকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও সাড়ে ৯ হাজার টাকাসহ আটক করেছে র্যাব। শনিবার রাতে শহরের চাঁচড়া রায়পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এব্যাপারে তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক সাহিদা ওই এলাকার সেকেন্দার আলীর স্ত্রী।
র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় হেরোইন, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের কারবার করে আসছিলেন সাহিদা। তার স্বামী, ছেলে ও মেয়েসহ পরিবারের অনেকেই এ কারবারের সাথে জড়িত। একারণে তিনি একাধিকবার পুলিশ ও র্যাবের হাতে আটক হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল যশোর শহরের মাদকের হাট নামে খ্যাত চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযানে যায়। এসময় সাহিদা বেগমকে সন্দেহ জনকভাবে আটক করা হয়। পরে তার দেখানো মতে ঘরের মধ্যে থাকা ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিক্রি করা ৯ হাজার ৪৫০ টাকা, একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। এঘটনায় র্যাবের এক সদস্য বাদী হয়ে ওইদিন রাতেই কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। রোববার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শামীম আক্তার তাকে আদালতে সোপর্দ করেন। বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।