August 9, 2026, 8:39 am
চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ায় সংবাদ প্রকাশের জের ধরে কর্মরত এক সাংবাদিককে প্রকাশ্যে হাত কেটে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চিংড়ি জোনের ত্রাস সৃষ্টিকারী অস্ত্রধারী সন্ত্রাসী ও ভূমিদস্যুরা মানববন্ধন করেছে। এনিয়ে ভূক্তভোগি সাংবাদিক বাদী হয়ে ১৭ অক্টোবর’২০ইং রাতে থানায় সাধারণ ডায়েরী (নং ৮০২/২০) রুজু করেছেন।
প্রাপ্ত তথ্যে ও অভিযোগে জানাগেছে, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি মৌজার বেশ কিছু চিংড়ি জমি অবৈধভাবে প্রতিদিন অস্ত্রের মহড়া দিয়ে জবর দখল করার চেষ্টা চালিয়ে আসছিল একটি সংঘবদ্ধ জলদস্যুচক্র। এনিয়ে জাতীয়,আঞ্চলিক ও স্থানীয় প্রিন্ট মিড়িয়া ও অনলাইন মাধ্যমে ফলাও করে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করা হলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে উঠে। তারা ফুলছড়ি মৌজার বৈধ মৎস্য ও চিংড়ি ভূমি মালিকদের জমি জবর দখল করতে কালু সিকদার ঘোনাকে কথিত গোল্ডেন ফার্ম নাম দিয়ে জবর দখলের এ উৎসবে মেতে উঠে। এ বিষয় ক্ষতিগ্রস্ত জমি মালিকদের পক্ষে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করার জের ধরে খুটাখালীর বাসিন্দা চকরিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি এমএইচ আরমান চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসীরা তাদের লালিত-পালিত উশৃংখল বাহিনী দিয়ে মানক্ষুন্নকর ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে আসছে। সর্বশেষ ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ফুলছড়ি নতুন অফিস এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা জড়ো হয়ে আরো ভাড়াটিয়া লোকজন নিয়ে সাংবাদিক আরমান চৌধুরীর বিরুদ্ধে কথিত ও হাস্যকর মানববন্ধন করেছে। এমনকি প্রকাশ্যদিবালোকে সাংবাদিকের হাত কর্তন করে প্রাণনাশের হুমকি প্রদানসহ উশৃংখল বক্তব্য প্রদান করে। ভূক্তভোগী ও হুমকির শিকার সাংবাদিক আরমান চৌধুরী বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন। তিনি প্রশাসনের কাছে আইনী হস্তক্ষেপ পূর্বক সন্ত্রাসীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানিয়েছেন।
এদিকে চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এমএইচ আরমান চৌধুরীকে হাত কেটে প্রাণনাশের হুমকি দেয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি আবদুল মজিদ, নির্বাহী সদস্য এসএম হানিফ, সাধারণ সম্পাদক এম মিজবাউল হক, সাবেক সাধারণ সম্পাদক এএম ওমর আলী, সহসভাপতি জিয়াউদ্দিন ফারুক ও মুকুল কান্তি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিন ও মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক আইনী প্রদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।