August 9, 2026, 10:30 am
নিজস্ব প্রতিনিধি, চকরিয়াঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উত্তর হারবাং বনাম চকরিয়া কোরক বিদ্যাপীঠ ফুটবল খেলায় সহিংস ঘটনা, শিক্ষার্থীদের ওপর হামলা এবং খেলাটি পুনঃরায় পরিচালনার জন্য চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের।
৪ সেপ্টেম্বর (বুধবার) বিভিন্ন অভিযোগ এনে চকরিয়া ইউএনও বরাবর এই অভিযোগপত্র দায়ের করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযোগে উল্লেখ করা হয় ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য খেলাটি বিকাল তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও খেলাটি শুরু হয় সাড়ে ৪ টার সময়। অর্থাৎ দেড় ঘণ্টা পর। খেলার নির্ধারিত সময় ছিল ২০+১০+২০= ৫০ মিনিট কিন্তু রেফারি আনিসুর রহমান খেলা পরিচালনা করেন ২০+১০+১২ মিনিট। উক্ত সময়ে ২-১ গোলে খেলা সমাপ্তি হলে শুরু হয় হৈচৈ। কারণ সময় আরো ৮ মিনিট বাকি। কি কারণে ১২ মিনিটের সময় শেষ বাঁশি বাজালো রেফারির সাথে তা নিয়ে কথা চলছিল। ঐ মুহুর্তে উৎপেতে থাকা কিছু লোক কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের লাঠি-ছোটা নিয়ে আক্রমণ করে। খেলা পরিচালনা কমিটি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নিরব দর্শকের ভুমিকা পালন করে। পরবর্তীতে চলে আসার পথে হারবাং রাস্তার মাথা ও ইনানি পয়েন্টে দ্বিতীয়বার আক্রমণ করে। জনগণের সহায়তায় আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে চলে আসে। হামলায় আমার বিদ্যালয়ের প্রায় ১০ জন মতো শিক্ষার্থী কম-বেশি আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, ইতিপূর্বে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সময় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাথে প্রায় সময় বিচ্ছিন্ন ঘটনা ঘটত, এমন কি একবার এই রকম সহিংস ঘটনায় অত্র বিদ্যালয়ের ১৮টি সি সি ক্যামেরা ভেঙ্গে ফেলে যা তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শাহেদুল ইসলাম স্যার উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন। এই বছর “খ” উপাঞ্চলে আর একটি সা-ভেন্যু হলে অপ্রীতিকর ঘটনা এড়াতে খ-২ এর খেলায় অংশগ্রহণ করি। দুঃখের বিষয় উক্ত ভেন্যুতেও আমাদের উপর অমানবিক নির্যাতন করা হয়।
অভিযোগে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং খেলাটি পুনঃরায় পরিচালনা করার আবেদন করা হয়।
ইউএনও শিবলী নোমান জানান, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক কর্তৃক লিখিত অভিযোগ আমার হস্তগত হয়েছে। এবিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।