August 9, 2026, 8:39 am
কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় মসজিদের পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ মিজানের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত মিজানুর রহমান চকরিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড ভাঙ্গারমুখ উত্তর বিনামারা নিবাসী জাগের হোসেন প্রকাশ বাহাদুর মিস্ত্রির প্রথম পুত্র। নিহত মিজানের ২জন কন্যা সন্তান এবং ৪ ভাই ২ বোন রয়েছে। স্থানীয়রা জানিয়েছে নিহত মিজানুর রহমান মৃগী রোগী ছিলেন।
স্থানীয়রা জানায়, নিহত মিজানসহ স্থানীয় কয়েকজন উত্তর বিনামারা জামে মসজিদের পুকুরে দুপুরের পূর্বে মাছ ধরতে নামে। দুপুরের খাবারের সময় হলে মিজান ছাড়া অন্যরা বাড়িতে চলে যায়। এসময় মিজানকে ডাকা হলে তিনি একটু পরে আসবেন বলে জানিয়ে দেন। এদিকে অন্যরা চলে গেলেও তিনি মাছ ধরতে ছিলেন। যখন তার পরিবার মিজানের খবর নিতে পুকুরে যান, তখন পুকুরে কাউকে দেখতে না পেয়ে এদিক-ওদিক তালাশ করছিল। কিন্তু কোন খোঁজ না পেয়ে স্থানীয়রা সিদ্ধান্ত নিল পুকুরে তল্লাশি করবে। এসময় তারা চকরিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে কর্তৃপক্ষ বলেন আমাদের ডুবুরি নেই, চট্টগ্রাম থেকে ডুবুরি আনতে হবে। প্রায় বিকাল তিনটা থেকে সমস্ত পুকুরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মিজানের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। লাশ উদ্ধারের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং সহযোগিতা করছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় কাউন্সিলর জিয়াবুল হক জানান- মিজানের নিখোঁজের বিষয়টি আমি ৫ টার দিকে শুনে সার্বিক সহযোগিতা করার জন্য আমার প্রতিনিধি প্রেরণ করেছি এবং লাশ উদ্ধারের জন্য কর্তৃপক্ষকে অবহিত করেছি। পরে লাশ উদ্ধারের খবর শুনেছি। নিহত মিজানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তিনি।
পৌর মেয়র আলমগীর চৌধুরী দেশের বাইরে থাকায় তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।
চকরিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধূরী বলেন, নিখোঁজের বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।