August 9, 2026, 9:58 am

রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজবাড়ী সংবাদদাতা

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে শহীদ শেখ (৫০) নামের এক ব্যবসায়ীকে দিন-দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে পৌনে ১২টার দিকে খানখানাপুর ও পাচুরিয়া ইউনিয়নের সীমান্তে ভাগলপুরের সেবা ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

শহীদ শেখ পাঁচুরিয়া ইউপির খোলাবাড়ীয়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। তিনি সেবা ইটভাটা ব্যবসার সাথে জড়িত এবং খানখানাপুর সুরাজ মোহেনী ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সদস্য বলে জানা গেছে।

খানখানাপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লাল জানান, খানখানাপুর বাজার থেকে শহীদ নামের ওই ব্যবসায়ী মোটর সাইকেলে বাড়িতে ফিরছিলেন। ভাগলপুরের শাজাহানের বাড়ির সামনে পৌঁছালে দূবৃর্ত্তরা মোটর সাইকেল থামিয়ে তার মাথায় গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

পাচুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আলমগীর জানান, খানখানাপুর থেকে বাজার সওদা করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শহীদ শেখ। ভাগলপুর রাস্তার কাজীপাড়া এলাকায় পৌছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শহীদ শেখ।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে তিনি খুন হয়েছেন তা তাৎক্ষনিক জানা যায়নি।

শহীদ শেখের ভাই নিজাম শেখ জানান, তার ভাইেয়ের সাথে করো কোনো শত্রুতা ছিল না। কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সেটাও বলতে পারছি না।

সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের ব্যাপারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com