August 9, 2026, 7:51 am
ফেনী সংবাদদাতা
ফেনীতে দুই পুলিশ ও শিশুসহ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য সূত্র জানায়, নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজে ১১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। তারমধ্যে ১টি দ্বিতীয় নমুনাসহ ৩৭টি পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে পরশুরাম ৪, সদরে ১৪, দাগনভূঁঞা ৬, ছাগলনাইয়ায় ১১ ও অন্য উপজেলায় ১ জন রয়েছেন।
দাগনভূঞা উপজেলায় আক্রান্ত ছয়জনের মধ্যে দুজনই পুলিশ সদস্য। একজন করে পৌরসভা, রামনগর, পূর্বচন্দ্রপুর ও সদর ইউনিয়নের বাসিন্দা।
পরশুরাম উপজেলায় চারজনের মধ্যে ৬ মাস বয়সী শিশু ও ১১ বছর বয়সী কিশোর রয়েছেন। ওই পরিবারে আগে একজন নারী আক্রান্ত হয়েছিলেন। তিনি মির্জানগর ইউনিয়নের একজন ব্যাংক কর্মকর্তার স্ত্রী। ব্যাংক কর্মকর্তা স্বামীও ইতোপূর্বে আক্রান্ত হয়ে সুস্থ হন। আরেকজন চিথলিয়া ইউনিয়নের বাসিন্দা।
ছাগলনাইয়া উপজেলায় ১১ জনের মধ্যে সাতজনই পৌরসভার বিভিন্ন এলাকার। একজন করে বাঁশপাড়া, দক্ষিণ সতের, দক্ষিণ যশপুর ও পশ্চিম ছাগলনাইয়া, তিনজনের বাড়ি মটুয়া এলাকায়।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১৬ এপ্রিল জেলায় প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে জেলায় ধারাবাহিকভাবে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে চলছে।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তে সংখ্যা ৬৪৫। আজ পর্যন্ত ৪ হাজার ৪৩৩ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজ পরীক্ষাগারে পাঠানো হলে ৩ হাজার ২৫০ জনের প্রতিবেদন আসে। হাসপাতালের আইসোলেশনে ১৮ জন চিকিৎসাধীন। অন্যত্র স্থানান্তর করা হয়েছে ১৩ জন। ১১ জন নতুন সুস্থসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৫ জন। মারা গেছেন ১৩ জন।