August 9, 2026, 7:35 am

শরীরে কেরসিন ঢেলে আগুনে এসএসসি ফলাফল প্রার্থী ছাত্রীর আত্মহত্যা!

শরীরে কেরসিন ঢেলে আগুনে এসএসসি ফলাফল প্রার্থী ছাত্রীর আত্মহত্যা!

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রী নিহত হয়েছে। নিহত ছাত্রী নাসরিন আক্তার চাঁদনী হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ৩১ মে তার ফলাফল প্রকাশের আগেই জীবন প্রদীপ নিভে গেল।

তার বাবা আনোয়ার হোসেন কাতার প্রবাসী। ১ ভাই ২ বোনের মধ্যে চাঁদনী দ্বিতীয়। তবে কেউ কেউ বলেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আবার কেউ বলছে নিজের গাঁয়ে নিজেই কেরোসিন তেল ঢেলে আগুন দিয়েছে চাঁদনী।

বৃহস্পতিবার বিকেলে নিজ ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে চাঁদনী। এ সময় ঘরে কেউ ছিল না। পরে বাড়ীর লোকজনের ডাক চিৎকার শুনতে পেয়ে ওই ঘরে ঢুকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, চাঁদনী নামের মেয়েটির ৮০ ভাগ শরীরই আগুনে পুড়ে গেছে। তাকে মুমূর্ষূ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

নিহত চাঁদনীর দাদী জানান, চাঁদনীর বাবা আনোয়ার হোসেন কাতারে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার ২টি কিডনী অচল। এ অবস্থায় বাড়ীতে ফোনও করতে পারছে না। ৩/৪দিন পর একবার কথা বলে। সরকারি ত্রাণ সহায়তায় তাদের পরিবারটি চলে। সম্প্রতি সময়ে শেখ হাসিনার উপহার ২৫০০ টাকা পেয়েছে। বাবার খুবই আদরের মেয়ে ছিল চাঁদনী। বাবার কথা চিন্তা করেই হতাশাগ্রস্থ থেকে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, চাঁদনী নামের একটি মেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। বাবার বাড়ীতেই এক ঘরে মেয়েটি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে বলে জেনেছি। তবে পুলিশ তদন্ত করে দেখছে।

নিহত চাঁদনীর সাথে ঢাকা মেডিকেল অবস্থানরত একই বাড়ীর তার দূরসম্পর্কের চাচা পুলিশের এসআই আরিফ মুঠো ফোনে জানান, চাঁদনী ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ব্যপারে শাহবাগ থানায় জিডি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com