August 9, 2026, 7:33 am

চকরিয়ায় করোনায় আক্রান্ত নিহত হাফেজ মাও: সিরাজ -উদ্দৌলার সীমিত পরিসরে জানাজা সম্পন্ন

চকরিয়ায় করোনায় আক্রান্ত নিহত হাফেজ মাও: সিরাজ -উদ্দৌলার সীমিত পরিসরে জানাজা সম্পন্ন

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় কার্যালয়ের মডেল কেয়ারটেকার আলহাজ্ব হাফেজ মাওলানা সিরাজ উল্লাহ (৬৫)এর মৃত্যু হয়েছে, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন। আজ সোমবার সকাল ১১ ঘটিকার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে তিনি মারা যান। এদিন বিকাল সাড়ে ৩টায় সরকারি স্বাস্থ্য বিধি নিষেধ মেনে নামারচিরিঙ্গা পুরাতন জামে মসজিদ মাঠে জানাজা শেষে মামা ভাগিনার কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দীন হেলালী।

তাকে এদিন সকাল সাড়ে ৭টায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আইসোলেশনে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তার তীব্র জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যায়। সকাল ১১ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া হাফেজ সিরাজ-উদ্দৌলা (৬৫) ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া অফিসের মডেল কেয়ারটেকার এবং উত্তরকাহারিয়াঘোনা খোন্দকারপাড়া জামে মসজিদের খতিব ছিলেন। তিনি চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা গ্রামের মৃত মাওলানা আবদুর রহমানের দ্বিতীয় পুত্র এবং প্রবীন সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর মেজভাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সিরাজ-উদ্দৌলার নমুনা সংগ্রহের পর কক্সবাজারে পিসিআর ল্যাবে প্রেরণ করা হয় গত ১৮ মে। গত ২৪ মে রবিবার প্রকাশিত ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এতদিন ধরে তিনি বাড়িতেই থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, করোনায় মারা যাওয়া ওই ব্যক্তির জানাজা, দাফন-কাফন যাতে করোনা বিধি অনুযায়ী হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চকরিয়াতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে রবিবার পর্যন্ত এখানে একশ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন।

এদিকে চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীন সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর মেজ ভাই হাফেজ সিরাজ উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিনসহ ক্লাবের নেতৃবৃন্দ। তারা মরহুমের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে জান্নাতুল ফেরদাউস কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com