August 9, 2026, 8:48 am
ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অভিযোগে পাঁচ ব্যাবসায়ীকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ফরিদপুর সদরের কানাইপুর বাজারে ভ্রাম্যমাণ এ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম আফরোজ শাহীন খসরু।
অভিযানকালে পণ্যে মোড়ক সঠিকভাবে ব্যবহার না করায় কুমুদিনী ডাল মিল মালিককে ২০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় এক চালের দোকান মালিককে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে তেল প্রস্তুত করায় অনিবন্ধিত রায়হান অয়েল মিলের মালিককে ১৫ হাজার টাকা, সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং মিথ্যা বিজ্ঞাপন ব্যবহারের দায়ে সেফ ফুড নামে এক ফ্যাক্টরি মালিককে ১ লাখ টাকাসহ সর্বমোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী হাকিম আফরোজ শাহীন খসরু বলেন, ওই ব্যবসায়ীদের ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।