August 9, 2026, 7:32 am

লামায় পাহাড়ি ঝিরি থেকে চদই মুরুংয়ের লাশ উদ্ধার

লামায় পাহাড়ি ঝিরি থেকে চদই মুরুংয়ের লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম একটি পাহাড়ি ঝিরি থেকে চদই মুরুং (৪৭) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার বড় কলারঝিরি থেকে লাশটি উদ্ধার করা হয়।

চদই মুরুং পার্শ্ববর্তী আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আদু কারবারী পাড়ার বাসিন্দা পাতবু মুরুং এর ছেলে। খবর পাওয়া মাত্র রুপসীপাড়া সেনা ক্যাম্পের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা যায়, শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে রুপসীপাড়া ইউনিয়নের বড় কলারঝিরি এলাকার রঞ্জু ঝিরিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে বড় কলারঝিরি এলাকার হেডম্যান পাড়া থেকে আলীকদমস্থ নিজ বাড়ী আদু কারবারী পাড়ায় ফেরার সময় ঝিরি পার হওয়ার সময় স্রোতের টানে ভেসে গিয়ে চদই মুরুং এর মৃত্যু হয় বলে স্থানীয়দের ধারণা।

রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে মেম্বার ও চকিদার পাঠানো হয়েছে। আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস রহমান বলেন, চদই মুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাটি খুবই দুঃখ জনক।

গ্রাম পুলিশ চদই মুরুং এর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমিনুল হক বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলটি অত্যন্ত দূর্গম পাহাড়ি এলাকা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com