August 9, 2026, 9:55 am

রোগী দেখার সময় চিকিৎসক জানলেন তিনি নিজেই করোনায় আক্রান্ত!

রোগী দেখার সময় চিকিৎসক জানলেন তিনি নিজেই করোনায় আক্রান্ত!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের (২৮) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালে দায়িত্ব পালনের সময় জানতে পারলেন তিনি নিজে করোনায় আক্রান্ত।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, করোনার উপসর্গ থাকায় গত ২১ এপ্রিল তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার রেজাল্ট পজিটিভ আসে। ওই সময় তিনি হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন।

ওই চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ভেড়ামারা শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে সনোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। স্ত্রী, সন্তান ঢাকায় থাকায় তিনি একাই ভেড়ামারা শহরের দক্ষিণ রেল গেট এলাকার এক চিকিৎসকের বাড়িতে ভাড়া থাকেন।

এ দিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এই চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এখানে কর্মরত ১২ জন চিকিৎসক, ১২ জন নার্সসহ প্রায় ৬৫ জন স্টাফের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

সিভিল সার্জন জানান, করোনা শনাক্ত হওয়ায় ওই চিকিৎসকের সংস্পর্শে আসা বেশ কয়েকজন ডাক্তার ও স্টাফদের আইসোলেশনে পাঠানো হতে পারে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, শনাক্ত হওয়ার পর ওই চিকিৎসককে তার বাড়িতে আইসোলেশনে পাঠানো হয়েছে। ভেড়ামারার দুটি ডায়াগনস্টিক সেন্টার এবং ও বাড়িটি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে আসা চিকিৎসক ও স্টাফদের শনাক্ত করে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com