August 9, 2026, 10:53 am

নদীতে খালি বোতল: ড্রাম থেকে টিসিবির ৫ হাজার লিটার তেল উদ্ধার

নদীতে খালি বোতল: ড্রাম থেকে টিসিবির ৫ হাজার লিটার তেল উদ্ধার

নড়াইল প্রতিনিধি

অবশেষে নড়াইলের চিত্রা নদীতে ভাসমান টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) সয়াবিন তেলের খালি বোতলের রহস্য উদ্ঘাটন করেছে জেলার গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে টিসিবি ডিলার এস এম সামশুজ্জামান খোকনকে (৪৫) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। বুধবার সন্ধ্যায় শহরের রূপগঞ্জ এলাকা থেকে ডিলার খোকনকে গ্রেফতারপূর্বক সেই তেল উদ্ধার করা হয়।

এ সময় তিনটি ড্রামে রাখা ৫ হাজার লিটার টিসিবির সয়াবিন তেল ও তেলের খালি বোতল এবং ২৩ হাজার কেজি চিনি জব্দ করা হয়।

গত ১৮ এপ্রিল সন্ধ্যায় নড়াইলের রূপগঞ্জ এলাকায় চিত্রা নদীতে টিসিবির সায়াবিন তেলের শত শত খালি বোতল ভাসতে দেখে স্থানীয় খেয়া মাঝিরা তা উদ্ধার করেন। তবে তাৎক্ষণিক কাউকে শনাক্ত করতে পারেনি প্রশাসন। এরপর মাঠে নামে পুলিশ। অবশেষে গতকাল সন্ধ্যায় সয়াবিন তেলের খালি বোতলের রহস্য উদঘাটন হয়।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), ডিএসবিসহ থানা পুলিশের দিন-রাত পরিশ্রমের ফলে চিত্রা নদীতে ভাসমান টিসিবির সেই সয়াবিন তেলের খালি বোতলের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। ডিলার খোকন টিসিবির সয়াবিন তেল প্রকৃত ভোক্তাদের মাঝে বিক্রি না করে অসৎ উদ্দেশ্যে ড্রামে ঢেলে শতাধিক বোতল চিত্রা নদীতে ফেলে দেন।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, চিত্রা নদীতে টিসিবির সয়াবিন তেলের খালি বোতল ভেসে উঠার ঘটনায় রহস্য উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অবশেষে অপরাধীকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতে অন্যরা যাতে এ ধরনের অন্যায় না করে সে দিকে আমরা সর্তক দৃষ্টি রাখছি।

এদিকে, টিসিবি ডিলার খোকনের পরিবারের দাবি- একটি কুচক্রী মহল তাদের বিরূদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com