August 9, 2026, 8:41 am

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে রিপন হোসেন লেবু মিয়া (৪৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদ এলাকায় তাকে হত্যা করা হয়।

নিহত রিপন হোসেন লেবু মিয়া উপজেলার বায়রা ইউনিয়নের জামালপুর গ্রামের মোসলেম উদ্দিন বেপারীর ছেলে। তিনি বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

নিহতের বড় ভাই লাবলু মিয়া জানান, আমার ভাই লেবু মিয়া সকালে কাঁচাবাজার করে বাড়িতে রেখে আবার ব্যবসায়ের কাজে বাজারে যায়। বায়রা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঝন্টুর দোকানে বসে চা খাচ্ছিল। এ সময় বায়রা বাজারের ইজারাদার জোনাব আলীর ছেলে হায়দার আলীসহ ৮-১০ জন সন্ত্রাসী পূর্বশত্রুতার জের ধরে রামদা দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হায়দার বিভিন্ন অপকর্ম করায় তার প্রতিবাদ করেছিল বলে তাকে এভাবে খুন করা হয়েছে।

এ ঘটনায় সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা, সিংগাইর-হরিরামপুর সার্কেল এএসপি মো. আলমগীর হোসেন ও সিংগাইর থানার ওসি আবদুস সাত্তার মিয়া দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান ভিপি শহীদ বলেন, হায়দার বায়রা এলাকার সন্ত্রাসী। সে বিভিন্ন সময় আওয়ামী লীগের পরিচয় দিয়ে আসছিল। সে উপজেলা পরিষদ নির্বাচনের সময় ৮টি গাড়ি ভাংচুর করে।

বায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান হিরুকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। এ ছাড়া আওয়ামী লীগ নেতা মহিকে কুপিয়েছে। তার বিরুদ্ধে থানায় জমি দখলসহ ১০টি মামলা রয়েছে, বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com