August 9, 2026, 9:33 am
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে আসমার ধর্ষণ হত্যার প্রধান আসামী বাধনের ফাঁসি চাই স্লোগানে মানববন্ধন করেছে আসমার সহপাঠীরা। ঢাকার কমলাপুর রেলস্টেশনে পঞ্চগড়ের মাদরাসা ছাত্রী আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে আসমার সহপাঠীরা।
দুপুরে পঞ্চগড় খান বাহাদুর মখলেছুর রহমান আলিম মাদরাসার সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন প্রধান, অধ্যক্ষ আব্দুস সামাদ, শিক্ষক আনছারুল ইসলাম হেলাল, হাফেজ খায়রুল আনাম ও শাহিনুর রহমান এবং আসমার সহপাঠীরা ছাড়াও মাদরাসাটির শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং অভিভাবকরা অংশ নেন।
অংশগ্রহণকারীরা আসমা ধর্ষণ ও হত্যাকান্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। গত ১৯ আগস্ট সকালে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের বলাকা কমিউটার ট্রেনের একটি পরিত্যক্ত বগি থেকে আসমার লাশ উদ্ধার করে পুলিশ। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তেও উঠে আসে। ওই ঘটনার জন্য আসমার পরিবার তার প্রেমিক মারুফ হাসান বাঁধনকেই দায়ী করছেন।
স্থানীয়রা জানায়, গত ১৮ আগস্ট তারা দুজন একইসঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনার পর ২০ আগস্ট আসমার চাচা রাজু ইসলাম বাদী হয়ে আসমার প্রেমিক বাঁধনকে প্রধান আসামী করে কমলাপুর রেলওয়ে থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা করেন। ২২ আগস্ট দিবাগত রাতে আসমার প্রেমিক ও মামলার প্রধান আসামী বাঁধনকে গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা পুলিশ।
পরদিন তাকে কমলাপুর রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আসমা পঞ্চগড় জেলা সদরের শিংপাড়া এলাকার কনপাড়া গ্রামের দিনমুজুর আব্দুর রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় খাঁনবাহাদুর মখলেছুর রহমান আলিম মাদরাসা থেকে এবার দাখিল পাস করেছে। তার সঙ্গে পার্শ্ববর্তী সীতাগ্রামের আবু হানিফ ওরফে টায়ার ভুট্টোর ছেলে মারুফ হাসান বাঁধনের প্রেমের সম্পর্ক ছিল।