August 9, 2026, 10:29 am
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে যৌতুকের টাকা না দেয়ায় স্বামীর দেয়া আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। পাঁচদিন মৃত্যু যন্ত্রণায় কাতরিয়ে শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় শনিবার দুপুরে ওই গৃহবধূর স্বামী বিপ্লব মিয়াকে গ্রেফতার করে মাধবদী থানা পুলিশ। নিহত খাদিজা আক্তার রুমা নরসিংদী সদর উপজেলার শিলমান্দী গ্রামের কাজল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৬ ডিসেম্বর সোমবার দুপুরে যৌতুকের টাকার জন্য স্বামীর দেয়া আগুনে অগ্নিদগ্ধ হন গৃহবধূ খাদিজা আক্তার রুমা। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খাদিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার ৫ দিন পর শনিবার ভোরে তিনি মারা যান।
নিহত খাদিজার বাবা কাজল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে মেয়ে খাদিজাকে মাধবদীর গদাইরচরের দুলাল মিয়ার ছেলে বিপ্লবের সঙ্গে বিয়ে দেয়া হয়। তাদের একটি ৭ মাসের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের ৩ লাখ টাকা জন্য বিপ্লব প্রায় সময় খাদিজার ওপর নির্যাতন চালাত। একপর্যায়ে টাকা দিতে না পারায় খাদিজাকে হত্যার উদ্দেশে পূর্ব পরিকল্পিতভাবে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
মাধবদী থানার ডিউটি অফিসার এসআই দিদারুল আলম জানান, নিহতের বাবা কাজল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় স্বামী বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে।