August 9, 2026, 9:49 am
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় দোকানে ডাল কিনতে যাওয়ার সময় স্থানীয় এক বখাটে যুবকের হাতে ধর্ষণের শিকার হয়েছে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৯ বছর বয়সী এক শিশু। শনিবার রাত ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া ষ্টেশন এলাকায় এ ধর্ষণের ঘটনাটি ঘটে। আক্রান্ত শিশুর চিৎকারে পথচারী লোকজন এগিয়ে আসলেও ধর্ষক পালিয়ে যাওয়ায় তাকে চিহ্নিত করতে পারেনি কেউ। তবে রাতের আধাঁরে হওয়ায় ওই শিশুও ধর্ষক যুবককে চিনতে পারেনি ।
স্থানীয় লোকজন ধর্ষণের শিকার শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে তাৎক্ষনিক কক্সবাজার জেলা সদর হাসপাতালে ওসিসি’তে প্রেরণ করেন।
শিশুর চাচা জানান, শনিবার রাত ৮টার দিকে বাড়িতে রান্না করার জন্য তার দাদী উলুবনিয়া ষ্টেশনে চনার ডাল কিনতে পাঠায়। প্রতিমধ্যে রাতের আঁধারে তার পথ গতিরোধ করে স্থানীয় এক যুবক শিশুটির মুখচেপে ধরে নির্জন স্থানে নিয়ে যায়। এসময় শিশুটি চিৎকার করলে পথচারী লোকজন শিশুকে উদ্ধার করতে এগিয়ে গেলে আধাঁরের মধ্যে ধর্ষক যুবক পালিয়ে যায়।
এসময় শিশুটির কান্নার কারণ জানতে চাইলে শিশুটি ঘটনার বর্ণনা দেয়। তার শরীর রক্তাক্ত হয় ও ধর্ষণের আলামত পাওয়া যায়। পরে এ ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনকে বিষয়টি অবহিত করা হয়।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন সোনা মিয়া বলেন, আক্রান্ত শিশুকে বাড়ির বাজারের জন্য রাতে স্থানীয় দোকানে পাঠায় তার দাদী। ষ্টেশনে যাওয়ার পথে রাস্তায় রাতের আঁধারে নির্জন স্থানে নিয়ে শিশুটিকে অজ্ঞাত এক যুবক ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ধর্ষক কে এখনো সনাক্ত করা যায়নি।
চকরিয়া থানার (ওসি) তদন্ত একেএম সফিকুল আলম চৌধুরী জানান , শিশু ধর্ষণের ঘটনার বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আমাকে ফোন করে জানিয়েছেন। পরে ঘটনাস্থলে আমি যাই। কিন্তু ধর্ষণের ঘটনায় এখনো কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে তদন্ত করে সনাক্তপূর্বক ধর্ষককে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ধর্ষণের ঘটনা নিয়ে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।