August 9, 2026, 8:43 am
এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ
স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমদের মা মোসলেমা খাতুন (৮২) এর প্রথম জানাযা ঢাকায় ০৭/এ, ধানমন্ডি ঈদগাহ মাঠে শনিবার ২৪ আগস্ট সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফা জানাযা নিজ এলাকা কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে একইদিন আসরের নামাজের পর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাযায় ইমামতি করেন হাসেমিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ। জানাযার আগে মরহুমার পুত্র বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি, কক্সবাজারের কৃতি সন্তান হেলালুদ্দীন আহমেদ, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল প্রমুখ মরহুমা মোসলেমা খাতুনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন।
জানাযার পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পন করা হয়। জানাযায় প্রচুর সংখ্যক উর্ধ্বতন সরকারী বেসরকারী কর্মকর্তা, শিক্ষাবিদ, আইনজীবী, আলেম, প্রকৌশলী, চিকিৎসক, পেশাজীবি সহ সর্বস্থরের মুসল্লী অংশ নেন। জানাযা শেষে কক্সবাজার শহরের দক্ষিণ তারাবনিয়ার ছরা কবরস্থানে স্বামী মোকতার আহামদের কবরের পাশে মরহুমা মোসলেমা খাতুনকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
প্রসঙ্গত, ঢাকাস্থ বিএসএমএমইউ এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মোসলেমা খাতুন গত শুক্রবার ২৩ আগস্ট রাত পৌনে ১০ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পাঁহাশিয়াখালী হাফেজখানার পাশের স্থায়ীবাসিন্দা ও বর্তমানে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর তারাবনিয়ার ছরার বাসিন্দা মরহুমা মোসলেমা খাতুন দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে মরহুমা ৩ পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে যান।