August 9, 2026, 9:38 am

আবরারের মৃত্যুর তদন্তে আস্থা রাখতে বললেন হাইকোর্ট

আবরারের মৃত্যুর তদন্তে আস্থা রাখতে বললেন হাইকোর্ট

ডিএন২৪ ডেস্ক: দৈনিক প্রথম আলোর একটি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে করা রিটের শুনানি মুলতবি (স্ট্যান্ডওভার) করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের শুনানিতে আদালত বলেন, বিচারিক আদালতে নাইমুল আবরারের পরিবারের করা মামলা তদন্ত পর্যায়ে রয়েছে। তদন্ত শেষ হোক, তারপর আমরা দেখব। তদন্তে আমাদের আস্থা আছে। এ ছাড়া রিট আবেদনটি নাইমুল আবরারের পরিবারের কেউ করেননি।

গত ১৪ নভেম্বর আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ ক্ষতিপূরণের রিট আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করেন।

প্রসঙ্গত, ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১ নভেম্বর প্রথম আলোর মাসিক সাময়িকী ‘কিশোর আলো’র ষষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠান দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নাইমুল আবরার রাহাত (১৫)।

৬ নভেম্বর ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে আবরারের বাবা মজিবুর রহমান মামলা করেন।

আদালত বুধবার জবানবন্দি গ্রহণ শেষে লাশটি কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তার মৃত্যুর পর দায়ের করা ‘অপমৃত্যু’ মামলার সঙ্গে নতুন মামলাটি তদন্ত করে ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দেয়া হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম এই মামলার তদন্ত করছেন।

৯ নভেম্বর নোয়াখালীর সোনাইমুড়ীর ধন্যপুর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থান থেকে আবরারের লাশ উত্তোলন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com