August 9, 2026, 1:25 pm

কিশোরগঞ্জে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ কর্মকর্তা জখম

কিশোরগঞ্জে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ কর্মকর্তা জখম

তাড়াইল প্রতিনিধি

আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জের তাড়াইল থানার এসআই রাজিবুল, এএসআই হেমন্ত ও মিজান নামে তিন পুলিশ কর্মকর্তা গুরুতর জখম হয়েছেন।

এদের মধ্যে এসআই রাজিবুলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলা সদর ইউনিয়নের দড়ি জাহাঙ্গীরপুরের দশদ্রোন গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ নারী-পুরুষকে গ্রেফতার করেছে। এ ছাড়া হামলাকারীদের বাড়িঘর ভাংচুর করে একটি ষাঁড়, ২টি গাভীসহ ৫টি গরু নিয়ে আসে।

গ্রেফতারকৃতরা হলেন- দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে হীরণ, তার মা রহিমা খাতুন, ভগ্নীপতি আওয়াল মিয়া, চাচা সোনা মিয়া।

মঙ্গলবার সকালে থানায় গ্রেফতাকৃতদের দেখতে গেলে হীরণের খালাতো ভগ্নিপতি আজিম উদ্দিন, তার দুই ছেলে রুবেল ও রাসেল, খালাতো বোন আছিয়া বেগম ও ইয়াসমিন নাহারকেও আটক করা হয়।

জানা গেছে, গত ১ অক্টোবর অটোরিকশা চুরির অভিযোগে একই গ্রামের আবু মিয়ার ছেলে আনোয়ারকে গ্রেফতার করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদে সে জানায়, এ ঘটনার সঙ্গে গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে হীরণসহ আরও কয়েকজন জড়িত আছে। আর তখন থেকেই পুলিশ হীরণকে আটকের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

সোমবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় হীরণের স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালালে এ তিন পুলিশ কর্মকর্তা জখম হন। এদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং অন্য দু’জনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়।

তাড়াইল থানার ওসি মো. মজিবুর রহমান জানান, এ ঘটনায় এএসআই ফজলুল হক বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি পুলিশ অ্যাসল্ট মামলা রুজু করেছেন। আসামিদের মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে অভিযুক্ত হীরণের বাবা কৃষক আবদুর রাজ্জাকের দাবি, পূর্ব শত্রুতাবশত এলাকার একটি প্রভাবশালী পরিবার তার ছেলে হীরণকে মিথ্যা চুরির মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করছে। এ ছাড়া সংঘবদ্ধ পুলিশ তার বাড়িতে হামলা করে ভাংচুরের তাণ্ডব চালায় এবং ষাঁড় ও গাভীসহ ৫টি গরু নিয়ে যায় বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com