August 9, 2026, 9:43 am

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, ভোগান্তিতে সাধারণ শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, ভোগান্তিতে সাধারণ শিক্ষার্থীরা

ডিএন২৪ ডেস্কঃ  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে চলমান আন্দোলন বানচাল করতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এরপর উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।অনেকেই রয়েছেন সিদ্ধান্তহীনতার মধ্যে। বিকেল সাড়ে ৫টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছেড়ে যেতেও নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে অবরুদ্ধ থেকে মুক্ত হয়ে সিন্ডিকেট বৈঠক ডাকেন উপাচার্য ফারজানা ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৪তম আবর্তনের এক শিক্ষার্থী বলেন, হুট করে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিলে আমরা কোথায় যাব। অনেকেরই সামনে পরীক্ষা রয়েছে। সামনে বিসিএসের লিখিত পরীক্ষাসহ একাধিক চাকরির পরীক্ষা রয়েছে। এসব পরীক্ষার্থী এখন কী করবে। প্রশাসনের কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন আচরণ শিক্ষার্থীরা সহ্য করতে পারছে না।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়টির চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, একজন উপাচার্যের জন্য পুরো বিশ্ববিদ্যালয়কে ভুক্তভোগী হতে হচ্ছে। এ ধরনের স্বৈরতান্ত্রিক আচরণ কোনো উপাচার্যের কাছ থেকে প্রত্যাশা করা যায় না। ছাত্রলীগের হামলায় শিক্ষক-সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

আজ বেলা ১১ টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নেতা কর্মীরা হামলা করে অবস্থানরতদের তুলে দেয়ার চেষ্টা করে। আন্দোলনকারীদের অভিযোগ, মিছিল সহকারে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় বন্ধের প্রতিবাদে আবার আন্দোলন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।হঠাৎ করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে কেন- এ প্রশ্নে বিশ্ববিদ্যালয়টির নতুন রেজিস্ট্রার ভবন থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেছেন। মিছিলটি নতুন করে উপাচার্য ফারজানা ইসলামের বাসভবন ঘেরাও করার উদ্দেশে অগ্রসর হচ্ছে। অপরদিকে আবার ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে আছে। সংঘর্ষের আশঙ্কা রয়েছে দুপক্ষের মধ্যে।

দুর্নীতির অভিযোগে উপাচার্যের অপসারণ দাবিতে সোমবার সন্ধ্যা ৭টা থেকে তার বাসভবন ঘেরাও করে রাখেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীর। এরপর মঙ্গলবার সকাল সোয়া ১১টায় উপাচার্য তার বাসায় অবরুদ্ধ হন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি উন্নয়ন প্রকল্পের দরপত্র ছিনতাইয়ের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। এরপর ঈদ সেলামির নামে দুই কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ অবস্থায় গত ২৩ আগস্ট থেকে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ।

গত ১২ সেপ্টেম্বর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু দুর্নীতি তদন্তের দাবি পূরণ না হওয়ায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com