August 9, 2026, 8:37 am

বোরহানউদ্দিনের ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক অনুদান

বোরহানউদ্দিনের ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক অনুদান

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে গত রোববার পুলিশ-জনতার সংঘর্ষে নিহত তিনজনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট। বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ওই অনুদান প্রদান করা হয়।

উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভোলা জেলা কোস্ট ট্রাস্ট্রের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী আ. রব নিহত আবু রায়হান ও মো. শাহিনের স্বজনদের হাতে মাথাপিছু নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

ওই সময় কোস্ট ট্রাস্টের জেলা ঊর্ধ্বতন সমন্বয়কারী জহিরুল ইসলাম, জেলা প্রকল্প সমন্বয়কারী প্রকাশ চন্দ্র শীল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আলী হিরা, আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন লিটন উপস্থিত ছিলেন।

এ ছাড়া ওইদিনে একই ঘটনায় নিহত মনপুরা উপজেলার মো. মিজানুর রহমানের স্বজনদের হাতে মনপুরা কোস্ট ট্রাস্টের অফিস থেকে একই পরিমাণ টাকা তুলে দেয়া হয়েছে বলে ভোলা জেলা কোস্ট ট্রাস্টের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী আ. রব নিশ্চিত করেন।

তবে নিহত মাহফুজের পরিবার টাকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলেও তিনি জানান। উল্লেখ্য, গত রোববার ভোলার বোরহানউদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতহানার ঘটনার জেরে পুলিশ ও জনতার সৃষ্ট সংঘর্ষে ৪ জন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com