August 9, 2026, 10:30 am
এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ কেউ যদি অহেতুক ধর্মীয় বিষয় নিয়ে গুজব ছড়ায়, মিথ্যা রটনা করে, সাম্প্রদায়িক উস্কানী দিয়ে সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে, তাহলে সেক্ষেত্রে তা কর্ণপাত নাকরার জন্য ওলামা মশায়েখদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। কারণ আমাদের দেশের ধর্মপ্রিয় সহজ সরল মানুষেরা ওলামা মশায়েখদের প্রতি দৃঢ় আস্থাশীল ও তাদের অনুসরণ করে। ২৪ অক্টোবর চকরিয়া উপজেলা প্রশাসক নুরুদ্দীন মো. শিবলী নোমান চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিশিষ্ট উলামা মাশায়েখগণের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ আহবান জানান।
চকরিয়া উপজেলা পরিষদের মোহনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি আলহাজ্ব জাফর আলম বলেন- দাঙ্গা-হাঙ্গামা, সহিংসতা, সন্ত্রাসী কর্মকান্ড ইসলাম যেমন সমর্থন করেনা, রাষ্ট্রও সেটা সমর্থন করেনা। ইসলাম ও রাষ্ট্রের নীতি অভিন্ন। রাষ্ট্র কোরআন ও ইসলামকে অনুসরণ করে। তিনি বলেন- এদেশে শতকরা প্রায় ৯০% ভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। সুতরাং নবী হযরত মোহাম্মদ (স.) আমাদের নবী। পবিত্র কোরআন আমাদের, হাদীস আমাদের। আমরা সবাই একই ধর্মের বিশ্বাসী ও অনুসারী। কেউ এসব নিয়ে প্রকৃতপক্ষে কুৎসা রটনা করে, ব্যঙ্গ করে, তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ করবো। সে প্রতিবাদে আমরা নিজেরাও শামিল হবো। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার মতো পোস্ট, কমেন্ট, লাইক, শেয়ার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ইতিবাচক কর্মকান্ডে ব্যবহার করা প্রয়োজন।