August 9, 2026, 11:44 am
গাজীপুরের শ্রীপুরে শিক্ষক পিতাকে রড দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে তাঁর বিশ^বিদ্যালয় পড়ুয়া ছেলে। সোমবার গভীর রাতে উপজেলার লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। পিতাকে খুন করে ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে ছেলেকে গ্রেফতার করে।
নিহত বাবুল মাস্টার (৫৫) ওই গ্রামের মৃত আ. রশিদের ছেলে ও কাপাসিয়া উপজেলার কোহিনুর বালিকা উচ্চবিদ্যালয়ের গণিত শিক্ষক ছিলেন। ঘাতকপুত্র ঢাকাস্থ উত্তরার ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইমরান (২২)।
জানা যায়, ইমরান তার বাবার নিকট সোমবার দুপুরে পড়ালেখার খরচের জন্য দশ হাজার টাকা চায়। পিতা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাত ১টার দিকে ইমরান পুনরায় তার বাবার সাথে টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পাশেই পড়ে থাকা লোহার রড দিয়ে উপর্যুপরি মাথা ও শরীরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবুল মাস্টারের মৃত্যু হয়। পরে ইমরান ৯৯৯ নাম্বারে ফোন করে হত্যাকাণ্ডের খবর দিয়ে বাড়িতেই অবস্থান করে। খবর পেয়ে রাতেই শ্রীপুর থানার এস আই হাফিজুর রহমান অভিযান চালিয়ে বাড়ি থেকে ইমরানকে গ্রেফতার করে।
এস আই হাফিজুর রহমান জানান লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান ঘাতকপুত্র ইমরানকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।
ডিএন২৪/ঋতু