August 9, 2026, 7:38 am

পঞ্চগড়ের ছাত্রীর লাশ কমলাপুরে ট্রেনের বগিতে

পঞ্চগড়ের ছাত্রীর লাশ কমলাপুরে ট্রেনের বগিতে

পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাজধানীর কমলাপুরে ট্রেনের পরিত্যক্ত একটি বগির ভেতর থেকে আসমা আক্তার (১৭) নামে এক মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ঢাকা রেলওয়ে থানার পুলিশ।

আসমাকে পঞ্চগড় থেকে ফুসলিয়ে ঢাকায় নিয়ে আসা হয়েছিল বলে জানায় স্বজনরা। তাদের অভিযোগ, আসমাকে তার কথিত প্রেমিক ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে। পুলিশও এমনটিই সন্দেহ করছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। নিহত ছাত্রী আসমার চাচা মো. রাজু বলেন, ‘আসমা পঞ্চগড় সদর উপজেলার সিনপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় খান বাহাদুর মাদরাসা থেকে চলতি বছর দাখিল পাস করেছে। গত রবিবার সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে তার ব্যক্তিগত ডায়েরিতে বাধন নামের এক ছেলের নাম পাওয়া যায়।

পরে জানা যায়, বাধনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। রবিবার সকাল থেকে বাধনকেও পাওয়া যাচ্ছে না। গতকাল সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে কমলাপুর রেলস্টেশনে গিয়ে আসমার মৃতদেহ দেখতে পাই।’ রাজুর অভিযোগ, ‘বাধন নামের ওই ছেলে আসমাকে ফুসলিয়ে ঢাকায় এনে নির্যাতনের পর হত্যা করেছে।’ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার ব্যাগে মোবাইল নম্বর থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। লাশের মুখের বাঁ পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। বুকের ডান পাশে কামড়ের দাগ রয়েছে।

গলার চারদিকে কালো গোলাকৃতির দাগ রয়েছে। এসআই আলী আকবর আরো বলেন, ‘এটি হত্যাকান্ডই মনে হচ্ছে। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কি না এবং মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কথিত প্রেমিক বাধনের ব্যাপারেও তদন্ত চলছে।’ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ সূত্র জানায়, নিহত আসমার শরীরের কয়েকটি স্থানেই আঘাতের চিহ্ন আছে।

সুরতহাল প্রতিবেদনে তাকে ধর্ষণের পর হত্যার আলামত আছে কি না, তা জানতে চেয়েছে রেলওয়ে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com