August 9, 2026, 10:53 am
ডিএন২৪ ডেস্কঃ
চকরিয়া পৌর শহরের জনগুরুত্বপূর্ণ সড়ক গ্রামীণ ব্যাংক মোড়-সিকদারপাড়া সড়কটির নির্মাণ কাজ শুরু হয়েছে। শুক্রবার (২০সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে এই সড়কে আরসিসি (রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট) ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমএ এমপি সড়কটির আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন। প্রায় ৮০লাখ টাকা ব্যয়ে ৫৯৫মিটার দীর্ঘ এই সড়কের সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ কাজ বাস্তবায়ন করছে চকরিয়া পৌরসভা।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, ‘এই সড়কটি কয়েকটি ওয়ার্ডের সঙ্গে সংযোগ রয়েছে। এতে সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। চিরিঙ্গা-মগবাজার সড়কের যানজট কমাতে এটি বাইপাস সড়ক বা বিকল্প সড়ক হিসেবে কাজে লাগানো যাবে। তাই সড়ক যেন টেকসই হয় সেই লক্ষ্য নিয়ে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে।
মেয়র আলমগীর আরও বলেন, দরপত্রে উল্লিখিত শর্ত অনুযায়ী সঠিকভাবে সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।
সড়কটির আরসিসি ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াবুল হক, নারী কাউন্সিলর রাজিয়া সোলতানা খুকুমনি, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি দাশ, পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরিফ মাইনুদ্দিন রাসেল প্রমুখ।
রিপোর্টঃ এম, রিদুয়ানুল হক/ মু. মনজুর আলম