August 9, 2026, 11:44 am

পেকুয়ার টইটংয়ে আগুনে ৮ টি বসতবাড়ি ভস্মীভূত

পেকুয়ার টইটংয়ে আগুনে ৮ টি বসতবাড়ি ভস্মীভূত

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় টইটং ইউনিয়নে ৮ টি বসতবাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। ৪ মার্চ (শুক্রবার) দুপুর ১ টা ও বিকেল ৫ টার দিকে টইটং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নিত্যান্তঘোনা ও ৩ নং ওয়ার্ডের ফজুরমোড়া নামক পৃথক স্থানে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এ সময় পৃথক ২ টি স্থানের ৮ টি বসতবাড়ি পুঁড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে পরের দিন ৫ মার্চ (শনিবার) সকাল ১০ টার দিকে পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমার নেতৃত্বে একটি পরিদর্শন টীম অগ্নিকান্ড স্থান পরিদর্শন করেছেন। এ সময় পেকুয়ার এরশাদ আলী এষ্টেটের মোতোওয়াল্লী হিসেবে ইউএনও ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও কাপড় চোপড় বিলি করেন। প্রাপ্ত সুত্র জানায়, ওই দিন দুপুর ১ টার দিকে টইটং ইউনিয়নের পশ্চিম টইটং নিত্যান্তঘোনা গ্রামে ৪ টি বাড়িতে অগ্নিকান্ড সংঘটিত হয়। বিদ্যূতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এ সময় নৃত্যান্তঘোনা গ্রামের মৃত ছিদ্দিক আহমদের পুত্র নুরুল আলমের বসতবাড়ি ও তার ৩ পুত্র শহিদুল আলম, জাহেদুল ইসলাম ও তৌহিদুল ইসলামসহ ৪ টি বসতবাড়ি আগুনে পুঁড়ে ছাই হয়ে যায়। এ সময় ওই ৪ টি বাড়ির নগদ টাকা, মালামালসহ বিভিন্ন দ্রব্যাদি পুঁড়ে গেছে। এতে করে ওই ৪ টি বাড়ির আনুমানিক ১৫-১৬ লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। একই দিন বিকেল ৫ টার দিকে টইটং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ফজুরমোড়ায় ৪ টি বাড়িতে আগুনে পুঁড়ে যায়। খবর পেয়ে পেকুয়ার ফায়ার সার্ভিস ওই স্থানে পৌছে। তবে ফায়ার সার্ভিস পৌছার পূর্বেই ৪ টি বাড়ি পুঁড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজুরমোড়ার নজির আহমদের ৪ পুত্র শফিকুর রহমান, আহমদুর রহমান, মাহাবুর রহমান ও খলিলুর রহমানের ৪ টি বাড়ি পুঁড়ে গেছে। গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়। এ সময় লাগোয়া ৪ টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। এতে করে নগদ টাকা, মালামালসহ ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা জানান। ওই দিন সকাল ১০ টার দিকে অগ্নিকান্ড স্থান পরিদর্শন করেছেন পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা ও এরশাদ আলী ওয়াকফের পক্ষে চট্টগ্রামের বাসিন্দা ছৈয়দ উল্লাহ লিয়াকত আলী চৌধুরী। এরশাদ আলী ওয়াকফের তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে ৪০ হাজার টাকার নগদ অর্থ তুলে দেন ইউএনও পূর্বিতা চাকমা ও ছৈয়দ উল্লাহ লিয়াকত আলী চৌধুরী। এ সময় প্রত্যেক পরিবারকে ২৫ কেজি করে চাল, ২ কেজি পিয়াছ, সয়াবিন তেল, চিনি, ২ টি করে লুঙ্গি, ২ টি করে গামছাসহ আরো কাপড় চোপড় বিলি করে। এ সময় উপস্থিত ছিলেন টইটং ইউপির প্যানেল চেয়ারম্যান হাজী শাহাব উদ্দিন, ইউপি সদস্য আবুল কালাম, মনজুর আলম, সাবেক ইউপি সদস্য টিপু সোলতান, ওয়াকফর কর্মচারী নুরুন্নবী প্রমুখ। এ ব্যাপারে এরশাদ আলী ওয়াকফের কর্মচারী নুরুন্নবী জানান, আমি লিয়াকত আলী চৌধুরী ও ইউএনও স্যারকে বিষয়টি অবহিত করি। তারা এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে টাকা ও খাদ্যসামগ্রী দিয়েছে। ছৈয়দ উল্লাহ লিয়াকত আলী জানান, মানবেতর কাজ করতে এরশাদ আলী সাহেব সম্পত্তি দিয়েছেন। আমি খবর পেয়ে চট্টগ্রাম থেকে সকালে এসেছি। ইউএনও সাহেবকে ওয়াকফ থেকে সহায়তা করতে আমি অনুরোধ করেছি। তিনি দিয়েছেন। পেকুয়া ইউএনও পূর্বিতা চাকমা বলেন, ওয়াকফ থেকে তাৎক্ষণিক টাকা দিয়েছি। সরকারীভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com