August 9, 2026, 7:48 am
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ৪ জন নারীকে পিটিয়ে জখম করার খবর পাওয়া গেছে। পৈত্রিক সম্পত্তির জোরপূর্বক দখল নিয়ে আপন সহোদর ৪ ভাই ও ৪ বোনের মধ্যে বনিবনা চলছিল। এর সুত্র ধরে আপন ৪ ভাই ও তাদের পুত্র সন্তানরা ৪ বোনকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত ৪ নারীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে বয়ো:বৃদ্ধ ১ নারীকে পিটিয়ে পায়ে হাড়ভাঙ্গা জখম করে। কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে চমেক হাসপাতালে রেফার করে। শনিবার (১ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পাহাড়ী দুর্গম মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, টইটংয়ের পুরাদিয়ার দৌলত খায়েরের স্ত্রী শামসুন্নাহার (৬০), বোন সদর ইউনিয়নের নন্দীরপাড়ার মৃত আবুল হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৬৫), টইটং ছনখোলারজুম এলাকার আবদু ছবুরের স্ত্রী মোর্শিদা বেগম (৫০), হোছন আহমদের স্ত্রী ফাতেমা বেগম (৪৫)। জখমীদের মধ্যে দৌলত খায়েরের স্ত্রী শামশুন্নাহারকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৫৪ শতক জমি নিয়ে মধুখালীর মৃত ফুরুখ আহমদের পুত্র খাইরুল বশর গং ও তার বোন শামশুন্নাহার গংদের মধ্যে বিরোধ চলছিল। জমি চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের মালিকানাধীন সম্পত্তি। পাহাড়ী দুর্গম এলাকায় ওই জমি ব্যক্তি পর্যায়ে রক্ষণাবেক্ষন ও চাষাবাদ চলছিল। মধুখালী নামক স্থানে ফুরুখ আহমদের ওয়ারিশগণ ওই সম্পত্তির রক্ষনাবেক্ষণসহ সন সন ফসল উৎপাদন করছিলেন। ঘটনার দিন দুপুর ১২ টার দিকে খাইরুল বশর গং জমিতে ফসল রোপন করছিল। এ সময় পৈত্রিক সম্পত্তির ওয়ারিশ মৃত ফুরুখ আহমদের ৪ মেয়ে গিয়ে ফসল আবাদ না করতে নিষেধ করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে খাইরুল বশরসহ ৭/৮ জনের দুবৃর্ত্তরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় শামশুন্নাহারসহ মৃত ফুরুখ আহমদের ৪ মেয়েকে পিটিয়ে জখম করে। শামসুন্নাহারের ডান পায়ে হাড়ভাঙ্গা জখম হয়। রাশেদা বেগমের ছেলে আবু তাহের বলেন, পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে খাইরুল বশর গং এ হামলা করেছে। তারা দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে জমি দখল করছিল। আমার মা ও খালারা গিয়ে ফসল রোপন না করতে বারণ করে। ক্ষিপ্ত হয়ে তারা ৪ বোনকে পিটিয়ে জখম করে। গোলবাহার জানান, আমার খালাকে কিরিচ দিয়ে কোপ মারে। তার ডান পায়ে হাড়ভাঙ্গা জখম হয়। রাশেদা বেগমের মেয়ের জামাই সাইফুল্লাহ জানান, আমার খালা শাশুড়ী শামশুন্নাহারকে চট্টগ্রামে রেফার দেয়া হয়েছে। তাকে দেশীয় অস্ত্র স্বস্ত্র দিয়ে হামলা করে। পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।