August 9, 2026, 10:31 am
পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে বিক্রেতার কাজ থেকে অতিরিক্ত ইজারা আদায়, ক্রেতার কাছ থেকে অনৈতিক টাকা আদায় ও দোকান থেকে উচ্ছেদ হুমকির অভিযোগ এনে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেছে ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ। এনিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ দেখা দেয়ায় গতকাল রাতে বাজার সমিতির কার্যালয়ে সমিতির নেতারা করণীয় নির্ধাণে বৈঠকও করেছেন।
ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ ফোরকান, নুর মুহাম্মদ, সাগর, মনির, হাসান, মহিউদ্দিনসহ আরো বেশ কয়েকজন গণসাক্ষরকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেন, তারা অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী। বর্তমান ইজারাদার তাদের কাছ থেকে যেমন অতিরিক্ত ইজারা নিচ্ছে ঠিক তেমনি দোকান থেকে অর্ধেক করে ছেড়ে দেয়ার জন্য হুমকি দিচ্ছে। এমনকি বেশ কয়েকজন এসে দোকান ছেড়ে না দিলে পরিণতি ভাল হবেনা বলে প্রকাশ্যে হুমকি দেন।
মুরগ-মুরগীর বিক্রেতারা বলেন, গত ইজারাদারের চেয়ে তিনগুণ বেশি ইজারা নিচ্ছে বর্তমান ইজারাদার। আনছার নামে এক ক্রেতা বলেন, তিনি ৫শ টাকার একটি মুরগী ক্রয় করতে ৩০ টাকা ইজারা দিয়েছেন।
এবিষয়ে পেকুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল বলেন, পেকুয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা এমনিতে খুব কষ্টে দিনাপাত করছেন। করোনার কারণে আর্থিক ক্ষতি এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। সেখানে তাদের কাছে অতিরিক্ত ইজারা আদায় করা হচ্ছে। তাদের দীর্ঘদিনের ভোগদখলীয় দোকান কেড়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ দেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমরা বাজার সমিতি ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে আছি।
বাজার সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন বলেন, দীর্ঘ ১০বছর ধরে ক্ষুদ্র ব্যবসায়ীরা পেকুয়া বাজারে শান্তিপূর্ণভাবে ব্যবসা করে আসলেও বর্তমান ইজারাদারের কারণে সীমাহীন কষ্টে আছে। সেই বিষয়ে ইতোমধ্যে ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সুরহা না হলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যা যা করণীয় তা করা হবে।