August 9, 2026, 11:42 am

পূবাইলে ধীরগতি যানবাহন চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনাসভা

পূবাইলে ধীরগতি যানবাহন চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনাসভা

পুনম শাহরীয়ার ঋতুঃ গাজীপুর মহানগরীর পূবাইলসহ বিভিন্ন স্থানে যাত্রীর চেয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা বেশি। সড়কে যানজটের প্রধান কারণ এসব অটোরিকশা, ইজিবাইক, ভটভটিসহ ধীরগতির যানবাহন। সড়কে দিন দিন অটোরিকশা বাড়ায় সেই সঙ্গে যত্রতত্র যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং, চালকের সিটে শিশুরা থাকায় এবং সড়কের পাশে অটো কারখানা গড়ে ওঠায় ঘটছে অহরহ সড়ক দুর্ঘটনা।

গাজীপুরসহ পূবাইলে এসব অটোরিকশা ও ইজিবাইক বন্ধে উদ্যোগ নিয়েছে প্রশাসন। তবে সিটি কর্পোরেশন হুট করেই এসব অটোরিকশা বন্ধ করতে চায় না। এ পেশায় জড়িত হাজার হাজার লোকের জীবনযাত্রার দিক বিবেচনায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের পাশাপাশি প্রধান সড়কে এসব তিন চাকার গাড়ি চলাচলে সতর্ক করা হযেছে।

শনিবার ধীরগতি যানবাহনের চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চালকদের করণীয় শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করে পূবাইল মেট্রো থানা। মিরেরবাজার চৌরাস্তায় আমজাদ হোসেন মোল্লা মার্কেট মিলনায়তন ট্রাফিক সচেতনতামূলক এ সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন পিপিএম (বার) বিপিএম (বার)। এতে কয়েকশ ধীরগতির যানবাহন চালক অংশ নেন।

এ সময় পুলিশ কমিশনার আনোয়ার হোসেন চালকদের উদ্দেশ্যে বলেন, এ পেশায় হাজার হাজার মানুষ জড়িত। তাই হুট করে ধীরগতির যান বন্ধ করা যাবে না। আবার সড়কে বিশৃঙ্খলাও করতে দেয়া যাবে না। সড়কে সুশৃঙ্খলভাবে চলে চালকদের প্রমাণ করতে হবে যে, তারা থাকবে কিনা?

তিনি বলেন, ভয়াবহ আটো জটে নাকাল গাজীপুর মহানগরবাসী। ট্রাফিক আইন না জেনে অনেকেই এ পেশায় আসছেন। তাদের ট্রাফিক আইন জেনে সড়কে চলাচল করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন) আশরাফুল ইসলাম বিপিএম (বার), পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া, মিরেরবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, পূবাইল থানা মোটর শ্রমিক লীগ সভাপতি মোক্তার হোসেন, শ্রমিক লীগ নেতা মোস্তফা, কামরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com