August 9, 2026, 10:53 am

ভোট নিয়ে চেয়ারম্যান-ব্যবসায়ী দ্বন্ধ পেকুয়ায় সেই পুলিশ কর্মকর্তার ধমকিতে সোনালী বাজারে অসন্তোষ

ভোট নিয়ে চেয়ারম্যান-ব্যবসায়ী দ্বন্ধ পেকুয়ায় সেই পুলিশ কর্মকর্তার ধমকিতে সোনালী বাজারে অসন্তোষ

পেকুয়া প্রতিনিধি: পেকুয়ায় সেই পুলিশ কর্মকর্তার ধমকি নিয়ে সোনালী বাজারে অসন্তোষ বিরাজ করছে। বাজার পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌং ওয়াসিম ও ব্যবসায়ীদের মধ্যে চলছিল দ্বন্ধ। এর জের ধরে মগনামা থেকে নির্বাচিত ধানের শীষের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌং ওয়াসিম ব্যবসায়ীদের ঘায়েল করতে পুলিশ লেলিয়ে দিয়েছেন। ওয়াসিমের কথায় পেকুয়া থানার বিতর্কিত পুলিশ কর্মকর্তা এস,আই হেফজুর রহমান সোনালী বাজারে গিয়ে কয়েকজন ব্যবসায়ীকে খোঁজছিলেন। এ সময় ওই পুলিশ কর্মকর্তা স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে ৪ জন ব্যবসায়ীর নাম ও পরিচয় জানতে চান। এক পর্যায়ে ওই পুলিশ কর্মকর্তা ইউপি সদস্যকে জানিয়ে দেন ৪ জন ব্যক্তির বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ আছে থানায়। কি অভিযোগ এমন জানতে চান ওই ইউপি সদস্য। অত:পর প্রশ্ন এড়িয়ে গিয়ে পুলিশ কর্মকর্তা হেফজুর রহমান ইউপি সদস্য নুরুল আজিমকে জানান, এরা বেশী বেড়ে গেছে। সোজা বাড়ি যাবে আর বাড়ি থেকে বাজারে আসবে। ২৮ জুন (সোমবার) রাত ৮ টার দিকে সোনালী বাজারে পুলিশের ধমকির এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্র জানা গেছে, আগামী ১০ জুলাই সোনালী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্টিত হচ্ছে। বাজারের ভোট নিয়ে মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌং ওয়াসিমের দ্বিমত ছিল। তবে ব্যবসায়ীরা ভোট গ্রহণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনুমতি নেন। সোনালী বাজার মগনামা ও উজানটিয়া ইউনিয়নের দু’সীমা রেখায় স্থিত। মগনামার চেয়ারম্যান নির্বাচন বন্ধ রাখতে সচেষ্ট ছিলেন। এর সুত্র ধরে চেয়ারম্যান ও ব্যবসায়ীদের মধ্যে দ্বন্ধ প্রকট আকার ধারণ করে। স্থানীয়রা জানান, সোমবার রাত ৮ টার দিকে পেকুয়া থানার এস,আই হেফজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স সোনালী বাজারে টহল দেয়। এ সময় মগনামা ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আ’লীগ সভাপতি নুরুল আজিম ও এস,আই এর মধ্যে আলাপচারিতা হয়। এস,আই হেফজুর ৪ জন ব্যক্তিকে খোঁজছিলেন। ইয়ার মোহাম্মদ, নুরুল আবছার, ছরওয়ার ও জিল্লু রহমান সম্পর্কে তথ্য চান। আবু ছালাম সওদাগর, গিয়াস উদ্দিন, সাইফুল হক সওদাগরসহ সোনালী বাজারের আরো অনেক ব্যবসায়ীরা জানান, সোমবার হঠাৎ পুলিশ কর্মকর্তা এসে ৪ জন ব্যবসায়ীকে খোঁজছিলেন। ধমকও দিয়ে যান। এ খবর জানাজানি হলে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ভোট করলে এখানে সমস্যা কিসের। সবকিছুতে ওয়াসিম চেয়ারম্যান খবরদারী করতে চান। সোনালী বাজারে ঋণদান সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, বাজার দুই ইউনিয়নের মধ্যবর্তী স্থানে। ওয়াসিম ভোট বন্ধ করার পক্ষে। ইয়ার মোহাম্মদ, নুরুল আবছারসহ যে ৪ জনকে পুলিশ খোঁজছিলেন এরা প্রসিদ্ধ ব্যবসায়ী। পূর্ব মটকাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস,এম,সির সভাপতি নুর মোহাম্মদ জানান, পুলিশের আচরণে আমরা বিস্মিত। এস,আই হেফজুর এ ভাবে হুমকি দেওয়ার অধিকার কোথা থেকে পেল। উজানটিয়া ৫ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আবু তৈয়ব বলেন, ওয়াসিমের কাজ হচ্ছে নিরীহ মানুষকে অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসানো। মগনামার সব পাড়ায় ওয়াসিম এ সব করতে পেরেছে। এখন এ এলাকাটিকে নজর দিয়েছে। ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল আজিম জানান, আমি পুলিশ কর্মকর্তাকে বলেছি ওদেরকে আমি চিনি ও জানি। ইয়ার মোহাম্মদ ও নুরুল আবছার রাজনীতি ও ব্যবসা করে। পুলিশের আচরণ নিয়ে আমি বিস্মিত হয়েছি। ৬নং ওয়ার্ড আ’লীগের সম্পাদক নুরুচ্ছফা বলেন, হয়রানির বিষয়টি আমি উপজেলা আ’লীগের নেতাদের বলেছি। মগনামা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খাইরুল এনাম জানান, ইয়ার মোহাম্মদ, নুরুল আবছার, জিল্লুর করিম ও ছরওয়ার এরা আ’লীগের রাজনীতিক কর্মী। ইয়ার মোহাম্মদ বিগত উপজেলা আ’লীগের কমিটিতে অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। সোনালী বাজারের নামকরা ব্যবসায়ী। নুরুল আবছার উপজেলা যুবলীগ নেতা। এদের উপর জুলুম নির্যাতন হলে আমরা আ’লীগ বসে থাকবনা। ইয়ার মোহাম্মদ জানান, একজন বিখ্যাত ইয়াবা ব্যবসায়ীর টাকা নিয়ে পুলিশ এখন ব্যবসায়ীদের হয়রানি করছে। নুরুল আবছার জানান, আমি সিদ্ধান্ত নিয়েছি জেলায় গিয়ে ওই পুলিশ কর্মকর্তা ও ওয়াসিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবো। পেকুয়া থানার এস,আই হেফজুর রহমান বিষয়টি অস্বীকার করেছেন। এ ব্যাপারে ওই পুলিশ কর্মকর্তা মুঠোফোনে বলেন, থানায় এসে সরাসরি কথা বলুন। পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, কিছু তদন্ত পুলিশের গোপন বিষয়। কেন মাঠে গিয়ে এ ধরনের আচরণ করবে। আসলে বিষয়টি আমি জানিনা। এদেরকে থানায় ডেকে এস,আই হেফজুরসহ মুখোমুখি করতে হবে। যদি এ ধরনের প্রমাণ হয় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com