August 9, 2026, 11:42 am
এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া
কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে কম্পিউটার প্রতীকের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা এডভোকেট ফয়সাল সিদ্দিকী চকরিয়ায় কর্মরত সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (১৪ জুন) বিকাল ৩টায় চকরিয়া পৌরশহরের একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভাটি অনুষ্টিত হয়। এসময় তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে চকরিয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিণত করব। মতবিনিময় সভায় তিনি একটি নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, আধুনিক চকরিয়া পৌরসভা গতে তুলতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে তার বাস্তবায়ন করা হবে। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে। এলাকার আইন শৃংখলা নিরসনে কমিউনিটি পুলিশ ও ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে সালিশি বোর্ড গঠন করা হবে। যাতে করে স্থানীয় সমস্যা স্থানীয়ভাবেই সমাধান করা যায়। চিরিংগা রাস্তার দু’পাশে তীব্র যানজট নিরসন এবং ফুটপাত থেকে চাঁদাবাজি বন্ধ করে যানজট, চাঁদাবাজি,মাদকমুক্ত চকরিয়া পৌরসভা গড়ে তোলা হবে।
স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী এডভোকেট ফয়সাল সিদ্দিকী বলেন, চকরিয়া পৌর শহরে বড় বড় মার্কেট থাকলেও কোন গণশৌশাগার নেই। তাই বিভিন্ন পয়েন্টে পুরুষ ও মহিলাদের জন্য পর্যাপ্ত সংখ্যক পাবলিক টয়লেট স্থাপন করা হবে। একইভাবে পৌরসভার শিশুদের চিত্তবিনোদনের জন্য শিশু পার্ক ও একটি পর্যটন এলাকা গড়ে তোলা হবে।
এডভোকেট ফয়সাল সিদ্দিকী নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেন, প্রতি বছর পৌরসভার আয় ও ব্যায়ের হিসাব জনসম্মুখে তুলে ধরা হবে। পৌরসভার বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট পেশের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা হবে। বেকার যুবকদের উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে বেকারত্ব দূরিকরণে উদ্যোগ নেওয়া হবে। সর্বোপরি চকরিয়া পৌসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে রূপান্তর করা হবে। ####