August 9, 2026, 8:44 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় ভূয়া স্ট্যাম্প সৃজন করে বনবিভাগের রিজার্ভ জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে জমির আসল মালিক পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের দক্ষিণ জুম গ্রামের মৃত শফর মুল্লুকের ছেলে মো: রমিজ বাদী হয়ে বারবাকিয়া রেঞ্জের অধীনে পহরচাঁন্দা বিট অফিসার (ভারপ্রাপ্ত) বরাবরে অভিযোগ দায়ের করে। জানা যায়, ওই বিটের অধীনে দক্ষিণজুম ভিলেজারপাড়া এলাকায় প্রায় ৮০ শতক জমি ওই এলাকার শফর মুল্লুক দীর্ঘদিন দখলে ছিল। তার বিশেষ টাকার প্রয়োজন হওয়ায় দীর্ঘ ১৫ বছর আগে সে জীবিত থাকা অবস্থায় তার ভাই হাফেজ আহমদুর রহমানকে খালি স্ট্যাম্পে প্রায় ৮০ শতক নাল জমি বন্দকী প্রদান করে। মৃত শফর মুল্লুকের ছেলে রমিজ ও রফিক আহমদ অভিযোগ করেন, ওই খালি ষ্ট্যাম্পটি তাদের চাচা হাফেজ আহমদুর রহমান ও তার পুত্র তৌহিদুল ইসলাম কৌশলে বিক্রি করেছে মর্মে পূরণ করে ডকুমেন্ট তৈরী করে। অপর দিকে হাফেজ আহমদুর রহমান বাদী হয়ে পেকুয়া থানায় অপর একটি অভিযোগ দায়ের করে। পেকুয়া থানার এস,আই মিন্নত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ দিকে মৃত শফর মুল্লুকের ছেলে মো: রমিজ জানান, ওই ৮০ শতক জমি আমাদের পৈত্রিক সুত্রে প্রাপ্ত। তারা ভূয়া স্ট্যাম্প তৈরী করে আমাদের জমি জবর দখলের পাঁয়তারা করছে। এ দিকে হাফেজ আহমদুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম জানান, আমার পিতা ওই জমি স্ট্যাম্পমূলে ক্রয় করেছে। আমাদের ৩০ বছরের দখলীয় জমি। তিনি ভূয়া স্ট্যাম্প তৈরী করার কথা অস্বীকার করেন। ওই এলাকার আ’লীগ নেতা জয়নাল আবেদীন ও ভিলেজারপাড়ার আবদু সালাম জানান, বিরোধীয় জমি রমিজ আহমদ গংদের বলে সাংবাদিকদের জানান। পেকুয়া উপজেলাধীন পহরচান্দা বিট অফিসার (ভারপ্রাপ্ত) আমির হোসেন জানান, অভিযোগের কপি পেয়েছি। উভয়পক্ষকে ডেকে সমাধা করার চেষ্টা করব।