August 9, 2026, 7:46 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় মিন্টু মিয়া (৩৬) হত্যাকান্ডের ঘটনায় পেকুয়া থানায় মামলা রুজু করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা পুলিশ চট্টগ্রাম শহর থেকে ১ জনকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম হাবিবুল্লাহ (২৪)। তিনি পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের জুমপাড়া গ্রামের অলি আহমদ প্রকাশ পেঠানের পুত্র। পেকুয়া থানা পুলিশ মামলা রুজু ও ১ জন আসামীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। ২৩ ডিসেম্বর (বুধবার) পেকুয়া থানায় হত্যাকান্ডের ঘটনায় মামলাটি রুজু করা হয়েছে। নিহত মন্টু মিয়ার স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে এ মামলাটি রুজু করা হয়। গ্রেপ্তারকৃত হাবিবুল্লাহ মিন্টু মিয়া হত্যাকান্ডের মামলার ৩ নং আসামী। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কানন সরকার জানান, মিন্টু মিয়া হত্যাকান্ডে জড়িত হাবিবুল্লাহকে চট্টগ্রাম শহর থেকে ২৩ ডিসেম্বর ভোর রাতে পেকুয়া থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পেকুয়া থানার উপপরিদর্শক এস,আই নাছির উদ্দিন তালুকদারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ওই আসামীকে গ্রেপ্তার করে। সুত্র জানায়, ২২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে টইটং ইউনিয়নের জুমপাড়া গ্রামে মিন্টু মিয়া নিহত হয়েছে। মিন্টু মিয়ার বাড়ি পাশর্^বর্তী ইউনিয়ন চট্টগ্রাম জেলার বাঁশখালীর পুইছড়ির পূর্বপাড়ায়। তার পিতার নাম মৃত আহমদ মিয়া। সুত্র জানায়, ওই দিন বিকেলে মিন্টু মিয়াসহ কয়েকজন ব্যক্তি বাঁশখালী থেকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের জুমপাড়ায় যান। জুমপাড়ার পূর্ব পাশের্^ সরকারী সংরক্ষিত বনাঞ্চলে মিন্টু মিয়ার নিয়ন্ত্রনাধীন সামাজিক বাগান আছে। পুঁইছড়ি বনবিটের অধীনে ওই বাগান দেখভাল করতে মিন্টু মিয়া পাহাড়ে যান। পায়ে হেটে জুমপাড়ার দিকে আসার সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। মামলা সুত্র জানায়, জুমপাড়ার অলি আহমদ প্রকাশ পেঠানের ছেলে জয়নাল আবেদীন ও তার ভাই হাবিবুল্লাহ, জাকের উল্লাহসহ সন্ত্রাসীরা মিন্টু মিয়াকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। তবে স্থানীয়রা জানান, বাঁশখালীর পুঁইছড়ি ছড়ার বালি উত্তোলন ও মহাল নিয়ে জুমপাড়ার জয়নাল আবেদীন ও পূর্ব পুইছড়ির মৃত আহমদ মিয়ার পুত্র মিন্টু মিয়ার মধ্যে বনিবনা চলছিল। এর সুত্র ধরে মূলত ওই হত্যাকান্ড। ওই দিন পেকুয়া থানা পুলিশ নিহত মিন্টু মিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। ঘটনার দিন রাতে পেকুয়া থানা পুলিশ ঘটনায় জড়িত হাবিবুল্লাহকে আটক করে। সুত্র জানায়, নিহত মিন্টু মিয়া পুইছড়ি ৬ নং ওয়ার্ড ক্ষমতাসীন দল আ’লীগের সাধারন সম্পাদক। ঘটনার পর দিন ২৩ ডিসেম্বর পেকুয়া থানায় হত্যা মামলা রুজু করে। যার নং ০৪/২০। মামলায় জুমপাড়ার অলি আহমদ প্রকাশ পেঠানের ছেলে জয়নাল আবদীনকে প্রধান আসামীসহ ৭ জনের নাম উল্লেখ ও ১২/১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়।